কবি সংস্কৃতি বন্দ্যোপাধ্যায়
সংস্কৃতি বন্দ্যোপাধ্যায়
জন্ম:- ৮ই ডিসেম্বর খড়দহ উত্তর চব্বিশ পরগনা জেলায়। বর্তমান নিবাস শ্যামনগর উত্তর চব্বিশ পরগনা। একটি যৌথ পরিবারে নাচ ও গানের তালিম সহযোগে বড় হয়ে ওঠা কবি সংস্কৃতি বন্দ্যোপাধ্যায়ের। স্কুলজীবন অতিবাহিত হয়েছে রহড়া ভবনাথ উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ে। কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক ও স্নাতকোত্তর। সংস্কৃতি ভালোবাসেন গান শুনতে ও ঘর সাজাতে। লেখালেখি করেন বাংলা ভাষায়। প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, জীবনানন্দ দাশ, ভাস্কর চক্রবর্তী, জয় গোস্বামী প্রমুখ।
২০১৭ তে সংস্কৃতির কবিতা প্রথম প্রকাশ পায়। কবিতা আশ্রম, কবিসম্মেলন, সৃষ্টির একুশশতক, কবিতা নগর, মাসিক কবিতাপত্র,রাঢ়বনতলি, সুতরাং, চন্দ্রগ্রহণ, কৃতি এখন, আমি অনন্যা, মুজনাই, নবপ্রভাত পত্রিকায় তিনি নিয়মিত কবিতা লিখে চলেছেন। এছাড়াও বেশ কিছু ওয়েব ম্যাগাজিনের তিনি নিয়মিত লেখক। তাঁর কবিতায় প্রেম ও প্রকৃতির পাশাপাশি উঠে আসে সামাজিক বিভিন্ন দৃশ্য। এরকমই ১২টি কবিতা নিয়ে ২০২০ জানুয়ারিতে 'কৃতি এখন' থেকে প্রকাশ হয়েছে সংস্কৃতির
প্রথম কবিতার বই 'আলোর ক্যালেন্ডার'।
গুচ্ছ কবিতায়
কবি সংস্কৃতি বন্দ্যোপাধ্যায়
ছায়াছবি
আমাদের সম্পর্কে অভিমান আছে।
সম্পর্ক আছে বলেই অভিমান আছে
যেন ছায়া ছায়া মেঘে
সমর্পিত এক আলো
এই যে প্রতিদিন
তোমার ভেতর ডুব দিই,
সাঁতার কাটি
পার করে আসি এক গন্ধ বুক..
কত পরমে পালক সরে যায়
কত চেনা পথ
হাঁটতে হাঁটতে...
জন্মদিনের দিন
ইতিহাস জানে না
আলো থেকে জল সরে গেলে
মনখারাপের ঘরে
পাল্টে যায় স্রোত,
উপেক্ষার দৃষ্টি আলগা হয় ।
ভেতর ভেতর
ধাতস্থ হতে শিখি।
একই মেরামত ছুটে চলে
শর্তাবলী ছুঁড়ে ...
অমাবস্যা পাতে শরীর
ভেঙেচুরে
জন্মদিন পেরিয়ে আসে।
শান্তিনিকেতন
ভাঁজ করে রাখা ভোরের কুয়াশা,
নদীর ঘাটের কাছে
ঘুম ঘুম গন্ধ লেগে আছে ।
পিছুটান নেই ।
মেঘমল্লার ওড়না উড়িয়ে
ঝরে পড়ছে টুপটাপ ,
উড়াল তুলেছে
কত দূরত্বের শালবন
আহ্লাদী পৌষের দিকে
ছুটে যাচ্ছে শান্তিনিকেতন
প্রয়োজনে প্রিয়জন,
ReplyDeleteপ্রতিনিয়ত বদলাতে থাকা রূপ।
আজ আমি প্রিয়, কাল অন্য কেউ
বুকের উপর আছড়ে পড়ে
প্রতিনিয়ত বিভিন্ন প্রেমের ঢেউ।
আগামীর সবই অন্ধকার
অনিশ্চিত, চরিত্রের বদল