কবি আবু রাইহান
আবু রাইহান
জন্ম:- পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের সরবেড়িয়া গ্রামে ১৯৭০ সালে! বর্তমানে কর্মসূত্রে বন্দর শিল্পনগরী হলদিয়ার বাসিন্দা! বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যায় এম এসসি এবং মাওলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে বায়োটেকনোলজিতে এম.টেক!পেশায় হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি ডিগ্রী ইঞ্জিনিয়ারিং কলেজের সিনিয়র আধিকারিক!কলকাতা থেকে প্রকাশিত দৈনিক প্রভাতী সংবাদপত্র ‘দিনদর্পণ’ পত্রিকার অ্যাসোসিয়েট এডিটর(সাহিত্য সম্পাদক)! ‘হলদিয়া সাহিত্য সংসদ’ এর সম্পাদক! ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা ‘প্রমিতাক্ষর’ এর যুগ্ম সম্পাদক ! নব্বইয়ের দশকের কবি! প্রবন্ধ, ছোটগল্প লেখায় তাঁর কলম সমান পারদর্শী।এখনো পর্যন্ত ‘নিষিক্ত ভালবাসা’ ও ‘সংকেতময় বিস্ময়’ নামে দুটি কাব্যগ্রন্থ এবং ‘বাংলা কাব্য-সাহিত্যে ইসলামিক সংস্কৃতি ও সমাজ’ নামে একটি প্রবন্ধের বই প্রকাশিত হয়েছে! ২০১৫ সালে পেয়েছেন ‘নিষিক্ত ভালোবাসা’ কাব্যগ্রন্থের জন্য ‘কুসুমের ফেরা’ সাহিত্য পত্রিকার ‘কবি জসীমউদ্দীন স্মৃতি পুরস্কার’!২০১৭ সালে কবিতা চর্চার জন্য পেয়েছেন ‘টার্মিনাস’ সাহিত্য পত্রিকার ‘সেরা কবির পুরস্কার’!‘বঙ্গ প্রদেশ’ পত্রিকার পক্ষ থেকে সাহিত্য চর্চার জন্য ২০১৮ সালে পেয়েছেন ‘বঙ্গরত্ন সাহিত্য পুরস্কার’!২০১৯ সালে পেয়েছেন বাংলাদেশ ঢাকার গাজীপুরে কবি সাযযাদ কাদির স্মৃতি সম্মাননা ২০১৯!২০২০ সালে পেয়েছেন বাংলাদেশের ‘রবীন্দ্র-নজরুল ফাউন্ডেশন’ এর ‘সংহতি সম্মাননা’
গুচ্ছ কবিতায়
কবি আবু রাইহান
শীতল জোৎস্নায় আবেগে নুয়ে আছে বাগানের গোলাপ
শিশিরের সাথে নিঃশব্দে সারে গাঢ় উষ্ণতাময় আলাপ
আমার সমস্ত হতাশা লুকিয়ে রাখি প্ৰিয় বালিশের তলায়
চুম্বনের উষ্ণতা খুঁজি একাকী রাত্রির আশ্চর্য আবহাওয়ায়
জানি নক্ষত্রের মতো সবার অলক্ষ্যে ঝরে যাবে
এই নশ্বর যৌবন
তবুও তৃষ্ণা নেভানোর প্রতিশ্রুতিতেই কাটে
আমাদের আটপৌরে জীবন
তোমার বিশ্বস্ততায় কেটেছে সব ভয়
বছর শেষে মহার্ঘ সঞ্চয়, প্রতিস্পর্ধার জয়!
অলৌকিক ডানা
যদিও জানি মৃত্যুতেই এ জীবনের চূড়ান্ত ক্ষয়
অনিবার্য মৃত্যু,সে তো অমোঘ প্রয়োজন
তবুও হিমশীতল আতঙ্কের মতো সারাক্ষন
চারপাশ জুড়ে এখন কেবল প্রবল মৃত্যু ভয়!
এখন মৌষনকাল-
গোধূলি সন্ধ্যায় বিষন্ন চাঁদের আলো দেখি
নির্জন রাত্রিকে কেন যে লাগে এতো ভালো
আমাকে সজীব করে মায়াবী সমুদ্রের কাঙ্খিত সুঘ্রাণ
মনে হয় অনন্ত আকাশ জুড়ে কেবল তুমিই দৃশ্যমান!
নিজের ভেতর অনুভব করি জন্ম মুহূর্তে
হারিয়ে ফেলা অলৌকিক ডানা,
তোমার কাছে পৌঁছানোর স্বপ্নই তো
আমার আজীবনের সাধনা!
জীবনের ধ্রুবতারা
আমার হৃদয়ে আজ আর কোনো মায়াময় আলো নেই
তাই আমি তোমার কাছে ফেরার পথ খুঁজে বেড়াচ্ছি!
আমি আমার নিজের সত্ত্বাকে হারিয়ে ফেলেছি, তাই
আর নতুন করে কোনো কিছুরই প্রত্যাশা করি না!
কারণ আমি জেনে গেছি আকাশের মতো হৃদয় না হলে
তোমাকে আমি কোনদিনই আর ছুঁতে পারবো না!
তবুও তোমার কাছে পৌঁছনোর অজস্র গোলকধাঁধার মধ্যে
আমি বিশুদ্ধ ভালোবাসার পথকেই সঠিক বলে বেছে নিলাম!
তোমার রহস্যময় অলৌকিকতার দিকে অগ্রসর হওয়াকেই
জীবনের ধ্রুবতারা বলে নতজানু হয়ে মেনে নিলাম!
Comments
Post a Comment