কবি শ্রীপর্ণা গঙ্গোপাধ্যায়
শ্রীপর্ণা গঙ্গোপাধ্যায়
হাওড়ায় স্কুলজীবনের পাঠ শেষে প্রেসিডেন্সি কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা লাভ করেন। এখান থেকেই 'রবীন্দ্রনাথের কবিতাগল্পের শৈলীবিশ্লেষণ ও সাহিত্য বিচার' বিষয়ভাবনায় পি.এইচ.ডি ডিগ্রী লাভ। বাড়ির সারস্বতচর্চা ও সাংস্কৃতিক পরিবেশে বড় হয়ে উঠতে উঠতেই লেখালেখির সূচনা। তাঁর লেখা কবিতা ও গদ্য প্রথম শ্রেণীর পত্রিকা ও ছোট পত্রিকায় এইসময় নিয়মিত প্রকাশিত হয়ে চলেছে।বিবাহসূত্রে শান্তিনিকেতনের বাসিন্দা শ্রীপর্ণার ২০২০ সালে প্রকাশিত দুটি কাব্যগ্রন্থের নাম 'চন্দনকাঠের বাক্স'(২০২০) ও 'লবণাক্ত অক্ষরমালা'(২০২০)।গুচ্ছ কবিতায়
কবি শ্রীপর্ণা গঙ্গোপাধ্যায়
মধ্যবর্তী
ভোর হচ্ছে আলো আসছে।
দুটো নীলচে প্রজাপতি উড়ে বেড়াচ্ছে
বাগানে। রাস্তার ওপাশে একটা কাক
মরে পড়ে আছে। স্পর্শ না করেও বোঝা যায়
ঠাণ্ডা আর শক্ত তার গা। আমি দাঁড়িয়ে আছি
গেটের সামনে। জীবন আর মৃত্যুর ঠিক মাঝখানে।
জানিনা আজ কাকে দরজা খুলে দেব।
বিষাদ
ফুটে উঠছে শ্রীমুখের অনন্য আদল
বনজ কুসুমে।
মুখের আদল রেখে ফুলেদের গায়
সে মুখ গিয়েছে সরে যেমনটা যায় নদী,
সময় গড়ায়।
তবুও কখনো কোন
চন্দ্রহীন রাতে খোলা জানলায়
সেই এসে নিঝুম দাঁড়ায়।
দেখে তার প্রেমিকের মুখ
শ্বেতচন্দনে আঁকা আছে।
সে যেন গিয়েছে চলে ঘুমের ওপারে।
রাতের বিষণ্নতা টলোমলো পায়
অনেকটা পথ হেঁটে
রমণীর দুচোখে ঘনায়।
সংলাপ
সিঁড়িটি গিয়েছে নেমে
যেখানে থমকে আছে জল।
স্রোতের উচ্ছ্বাসটুকু
ছুঁতে চায় মৌন শিলাতল।
Comments
Post a Comment