কবি মন্দিরা ঘোষ



মন্দিরা ঘোষ

জন্ম:- পশ্চিমবঙ্গের পূর্ববর্ধমান জেলায়। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভূগোলের স্নাতক।বিবাহসূত্রে হাওড়ার শিবপুরে  বসবাস।
 বিভিন্ন  পত্রপত্রিকা, লিটিল ম্যাগাজিন ও ওয়েব ম্যাগাজিনে  পরিচিত মুখ।পাঁচটি কাব্যগ্রন্থ রয়েছে। কাব্যগ্রন্থগুলি হলো  জ্যোৎস্নাশরীরের ছবি,মিশুক শব্দের মলাট, অম্বালিকার কিশোরীগন্ধ, ভাঙা দেরাজের গল্প ও জলকাঁথার গ্রাম। সম্প্রতি ধানসিড়ি থেকে  বের হতে চলেছে 'ঝুরো বৃষ্টির ক্যালিগ্রাফি '।২০২০ সালে 'মিশুক শব্দের মলাট'  কাব্যগ্রন্থের জন্য কচিপাতা সাহিত্য সম্মান পুরষ্কার।

গুচ্ছ কবিতায়
কবি মন্দিরা ঘোষ


এলার্জি

অ্যালার্জেন খুঁজতে খুঁজতে হয়রান
অথচ ফুলে ওঠা ঠোঁটের কোণে 
কোনো লাল পিঁপড়ের  হদিশ নেই

চ্যাপ্টার  আলো করে দাঁড়িয়ে  আছে টকেটিভ ব্যকুলতা 
ব্রাউন ব্রেডের কোণে একটা মেঘবিকেল জন্মাচ্ছে
এলানো শার্ট তাড়িয়ে উপভোগ  করছে
টিভি নাইনের গেরুয়া  রস

কলিং বেলে কোনো রোমান্টিক  শব্দতরঙ্গ  নেই
অথচ আজ রবিবাসরীয় জুড়ে ভারমিলিয়নের ওড়াউড়ি 

শেষ হয়ে যাওয়া অ্যান্টাসিডের স্ট্রিপে 
বিকেলটা মুড়ে রাখার উপায় বাতলে দেবে 
স্মার্টফোনের কম্পন

ভৌগোলিক ভুল

সব সবুজের সমারোহে ভুমিকারা উদ্দাম
আমাদের খোলামেলা অবকাশে 
সৌজন্য পেতে দেয় রোদের গুনফল

তোমরা ভুল উপপাদ্য  আঁকো
রাশিফল বিচারে  বছর  নিভিয়ে দাও
ফারাকের ভিতর পুঁতে রাখো পার্থেনিয়ামের বীজ
অথচ আলোর নিষেকে বনকলমির উচ্ছ্বল 
সব পৃথকের পঙক্তি ভেঙে দেয়
বাতাসের নূপুরধ্বনি,  আলেয়ার খেয়াল আর 
বৃষ্টিমহড়ার অনুবাদে এই পলায়নসুখ 
খিড়কিপুকুরের অন্ধকার পেরিয়ে যায়

নিজস্ব চৌহদ্দির  ভিতর ধ্যানস্থ মেঘ তোমাকে ফিরিয়ে দেবে
খাঁচার  সেই পুনরায় দরজাটিতে
যেখানে হাঁড়িকাঠ চোরাবালি আর অভ্যস্ত অনুগত 
ভৌগোলিক ভুল বলে চিহ্নিত 

শেষ

ফুরিয়ে আসছে কথার ঘেরাটোপ
একটা তর্জনী স্পর্শকাতরতার রাত ওড়াচ্ছে
ঘ্যানঘ্যানে বৃষ্টিতে  টকে উঠছে  গ্রন্থিপাথর

চাঁদের সিঁড়িতে চ্যাটমোডে 
অন্ধকাররের মেজাজ

সমস্ত পর্বের ভিতর ঘেমে উঠছে
 স্মৃতিমৈথুন












Comments

Popular posts from this blog

কবি-প্রাবন্ধিক আমীরুল আরহাম

কবি অভিজিৎ বেরা

কবি সংস্কৃতি বন্দ্যোপাধ্যায়