কবি মনোজ জানা
মনোজ জানা
জন্ম: ১৫ বৈশাখ,১৩৮৮। ছোটবেলা থেকে কবিতা, ছড়া, গল্প, নাটক রচনার প্রয়াস। বিজ্ঞান নিয়ে পড়াশুনা, কর্মে পদার্থবিদ্যার শিক্ষক, নেশায় সাহিত্য।
গুচ্ছ কবিতায়
কবি মনোজ জানা
বাসস্থান
গাছেরা ফিসফিস করে বলে,
ওঠো, কেউ আমাদের ঘর ভেঙে দিচ্ছে
বেড়া দিচ্ছে ইটের, হ্যাঁ...
বোধহয় ও-পাড়া থেকে আর জল আনতে দেবে না
শুনছো, এইবেলা চলো কোথাও যাই
আমাদের ছেলেপুলে
খেতে পাবে না দু'মুঠো রোদ
কাজ পাবে? আলকাতরায় চুলকায় গা, পায়ে গোদ
যতটুকু সঞ্চিত আছে চাল ডাল...
সমস্ত পাখিদের বিলিয়ে দাও
এখানে আমরা ডিম পাড়তে পারবো না আর
ফার্মের বাইরে বেরোলে ডানা ছেঁটে দেবে অহংকার
কুঁড়িরা ফিসফিস করে বলে,
এখানে কেউ আমাদের কথা ভাবে না
ঘুপচি ভাঙার নোটিশ দিচ্ছে ঠাট্টায় হেসে হেসে
গোছাও সব চলো চলে যাই অন্য কোথাও, নিরুদ্দেশে
দূরত্ব
দূরত্ব চাঁদকে সুন্দর করে তোলে
কাপড় লাগে না,
পা ঠেকলে হোঁচট খেয়ে পড়ি
নগ্ন মৌচাক যেমন প্রিয় মৌমাছির
আমার প্রিয় রাতের কালো শরীর
পোশাক লাগে না
চাঁদের মতো বাহার
প্রেম, তুমি স্বপ্ন হয়ে দাঁড়াও তফাতে
জানি মুঠোয় চাঁদ
তালুতে উপুড় হয়ে শুয়ে থাকা ধূসর সরীসৃপ মাটি
জখম
কিছু মেঘ জখম হয়েছে আড়ালে
কেউ কেউ ভেঙেছে তার ঠ্যাং
গায়ে গতরে সকলে বড় হয়?
সেভাবে আজ ডাকে না কোলাব্যাং
স্বপ্ন গুলো ভেঙে গেছে তার
মুখ ভার, আড়ালে বসে থাকে,
খিলখিলিয়ে হাসে ইমারত
সেভাবে কি মধু আছে চাকে?
খুন হওয়া ক্ষত মেঘশরীর--
ক'জনে বা ভাবে সাতপাঁচ!
মাটির বুকে আয় নেমে আয়,
সেভাবে আজ ডাকে না ভীমগাছ
খুনির চোখে বা জল কই?
আহতেরা খায় ভ্যাবাচ্যাকা
ক-টা গাছ বেঁচে আছে দেশে?
বেশিরভাগই চিত্রপটে আঁকা
Comments
Post a Comment