কবি শ্যামল শীল


শ্যামল শীল

কৈশোর বয়স থেকে কবিতা ও প্রবন্ধ লেখার চেষ্টা চালিয়ে যাচ্ছি।অদ্যাবধি পাঁচটি বাংলা কবিতার সংকলন প্রকাশিত।কলেজে থাকাকালীন ইংরেজিতে ও বাংলায় কবিতা ও প্রবন্ধ লিখতাম। পরে শুধু বাংলা ভাষাতেই লেখালেখি।একসময় বিদেশের পত্রিকায় এবং দেশের বহু ইংরেজি, হিন্দি ও বাংলা দৈনিক ও পত্রপত্রিকায় কার্টুন প্রয়াশিত হয়েছে।এছাড়াও বেশ কিছু সোশ্যাল, ম্যানাজারিয়াল ইংরেজি গ্রন্থে স্কেচ ও কার্টুন এঁকেছি।


গুচ্ছ কবিতায়

কবি শ্যামল শীল














ফেরারি পায়ের ছাপ


প্রচ্ছন্ন, প্রতিটি রাস্তার বাঁকে

পড়ে আছে ফেরারি পায়ের ছাপ

এক একটি মুহূর্ত যেন

নদীর ঢেউয়ের মতো পরিমিত

ওঠে, নিমেষে মিলিয়ে যায়

প্রবাহিত সময়ের গায়ে

ছুঁড়ে ফেলেছি কত প্রলোভন, হাতছানি

বিনিদ্র রাতের প্রাসঙ্গিক ছলছুতো

চিরায়ত প্রতীক্ষার শেষ পৃষ্ঠায়

সম্পূর্ণ হয়নি লেখা স্বপ্নের ধারাবিবরণী


নাগরিক ছবি


দিগন্তব্যাপী নীরবতা জেগে আছে

দূরে কুয়াশায় নাগরিক ছবি আবছা

বলতে না পারা কথাগুলি একদিন

হারিয়ে যাবে প্রকাশ্য দিবালোকে

এদিকে-ওদিকে চোখের সামনে থাকলেও

পড়বে না কারও খোলা অকরুণ চোখে

দৃষ্টি হারাবে অজানা গলিঘুঁজিতে

কোনদিন যদি কলরব থেকে

উঠে আসে বড় বেদনার মতো নীরবতা

লুকিয়ে থাকা ঝোপেঝাড়ে যত ভয়, সন্ত্রাস, শাসানি

এই পরিবেশে কোনদিন যদি শিরদাঁড়া বেয়ে

শিহরণ তুলে নিরাবেগ সাপ নেমে যায় এঁকেবেঁকে

লক্ষ্যভেদী, বিষাক্ত আর চূড়ান্ত হিমশীতল !


দিক নির্ণয়


ঠিকমতো দিক নির্ণয় করতে না পারায়

দিক হারিয়ে চলে এসেছি ভুল রাস্তায়

ফিরে যেতে হবে, লেগেই আছে আসার পর যাওয়া

আগে থেকে কিছু না ভেবে

একদিন তোমার কাছে গিয়ে বুঝলাম

আসতে গেলে ডাকের অপেক্ষা করতে হয়

কুয়াশায় খুব কাছের বাড়িগুলিও চেনা যায় না

অস্পষ্ট ও আবছা হয়ে যায়

Comments

Popular posts from this blog

কবি-প্রাবন্ধিক আমীরুল আরহাম

কবি অভিজিৎ বেরা

কবি সংস্কৃতি বন্দ্যোপাধ্যায়