কবি মন্দার মুখোপাধ্যায়
মন্দার মুখোপাধ্যায়
জন্ম:-১৯৫৭, কলকাতা। স্নাতকোত্তর – কলকাতা বিশ্ববিদ্যালয়। পেশা অধ্যাপনা । বিষয় রাষ্ট্রবিজ্ঞানগ গবেষণা– ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাজচিন্তা।শখ–সাহিত্যশ্রম। লেখার বিষয় - গপ্প, কবিতা, উপন্যাস , প্রবন্ধ ও ফিচার।প্রকাশিত বইয়ের সংখ্যা তের।‘আশকথা পাশকথা’ বইটির জন্য বাংলা অকাদেমি প্রদত্ত সুধা বসু স্মৃতি পুরস্কারে স্মমানিত (২০১৪)।
গুচ্ছ কবিতায় কবি মন্দার মুখোপাধ্যায়
অচেনা – নীরব
মাঝরাতে জেগে উঠে বুঝি,
এতক্ষণ ঘুমিয়ে থেকেছি
মৃত্যু আর জ্বর , শোক আর বিচ্ছিন্নতা
কাবু করে ফেলেছে আমাকে
উড়ন্ত স্বপ্নেরা দিশাহীন মিলিয়ে গিয়েছে দূরে
দিকচক্রবাল থেকে উড়ে আসে ধূসর বাতাস
কুয়াশার মতো অস্বচ্ছ দু’চোখ অচেনা – নীরব
ঘুম নেই, নেই সেই সোহাগী আরাম
দেহহীন অবয়বে দুঃখ কি জমে!
দেহ শুধু স্থির হয়ে, জড় হয়ে কি জানি কি চায় !
ভুরিভোজ
ক্রমাগত ওজন ঝরায় মুঠো মুঠো চর্বি বিনিময়ে জামবাটি ভরা স্যুপ সামান্য স্ফীতির ভয়ে দেহ ঘিরে ভরাট শূন্যতা – চারপাক নাচের ঘূর্ণনে টাল খায় তটরেখা- তবু ওই ওজন কমাতে, জারি তার কসরত নানা অছিলায় চার চুমুক - গ্রিন টি মেদ ঝরে স্বচ্ছ অপৃথুল - আহা! সে তো আর পাখি বা সরীসৃপ নয় , যে নিজে থেকেই খসে যাবে খোলস কি বাড়তি পালক ! ঝরে ঝরে পড়ে যাবে রোঁয়া! বুভুক্ষু কন্যেটি, কতদিন পর আজ দু’গরাস ভাতে এঁটো হাত চেটেচেটে, চার নখ চুষে স্যাঁকা পোড়া পৃথিবী গিলেছে রাহু গ্রাসে - মস্ত বগিথালা জুড়ে থকথকে মেদ থলথলে ওজনের মহা ভুরিভোজ ।।
স্থির হয়ে বস
সে কি চেয়েছিল
আহ্লাদী বাসনা যত নীল খামে মোড়া
একগোছা লুটনো অক্ষর!
প্রিয় ফুলগুলি ছুঁচে গাঁথা
সাদা লাল বেগুনি জামায়!
দুহাত আকাশে তুলে মেয়ে জোরে জোরে বলে –
হে, বৃদ্ধাঙ্গুষ্ঠ, তর্জনী , মধ্যমা , অনামিকা ও কনিষ্ঠা
এবার একটু স্থির হও; বাছা থিতু হয়ে বস
আমাকে বলতে দাও -
হৃদয়ে নমো
শিরসি নমো
শিখয়া নমো
নেত্র ভ্রূ নমো
নমো করতলদ্বয়
তারপর একে একে নাচের মুদ্রায়
শরীরের মহড়ায় মেতে
অক্ষরে অক্ষরে বেজে প্রেমে নতজানু
মহাকাব্যের পরোয়া না করে , সে এখনও লিখেই চলেছে
নমো চরাচরবাসী,
এ জীবনে বিধ্বস্ত হয়েও
দু’পা নাচিয়ে দেখেছি
আমিই নাচাই এ জগত -
ত্রিলোকেশ্বর বলে কিছু নেই।।
Comments
Post a Comment